এখন তিনি ইংল্যান্ডের নাগরিক। ব্রিটিশ পাসপোর্ট পাওয়ায় ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলার নতুন সুযোগ তৈরি হয়েছে তাঁর সামনে। তবে নিজের দেশে বিপাকে পড়েছেন সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্থানীয় ক্রিকেটার হিসেবে খেলে আসা আমিরের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। তাঁর গায়ে যে এখন ঝুলছে ‘বিদেশি’ ক্রিকেটারের ট্যাগ!

উইজডেনের ‘দ্য স্কুপ এক্সটেন্ডেড’ পডকাস্টে কথা বলার সময় আমির নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। জাতীয়তায় পরিবর্তন আসার কারণে পিএসএলের আগামী আসরগুলোতে তিনি আর পাকিস্তান দলের ক্যাটাগরিতে স্থানীয় ক্রিকেটার হিসেবে খেলতে পারবেন না।গত জুনে নটিংহামশায়ার যখন ২০২৬ ভাইটালিটি ব্লাস্টের জন্য আমিরের সঙ্গে চুক্তি করে, তখনই তাঁর ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আসে। নটিংহামশায়ার থেকে তখন স্পষ্ট করা হয়েছিল যে আমিরের ব্রিটিশ নাগরিকত্ব থাকায় কাউন্টি ক্রিকেটে ট্রেন্ট ব্রিজের হয়ে খেলার সময় তাঁকে বিদেশি ক্রিকেটার হিসেবে গণ্য করা হবে না। এই একই সুবিধায় তিনি ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টগুলোতে স্থানীয় খেলোয়াড় হিসেবে খেলার সুযোগ পান এবং চলতি ২০২৬ মৌসুমে ‘দ্য হানড্রেড’-এ ডেভিড পেইনের বদলি হিসেবে ট্রেন্ট রকেটসে যোগ দেন।